ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় এক ভুয়া সাংবাদিক ও তাঁর সহযোগিকে হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ভুয়া সাংবাদিক বিভিন্ন সময়ে সাংবাদিক পরিচয় দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় গ্রেপ্তারকৃত এক জনের কাছে থেকে একটি সাংবাদিকতার পরিচয়পত্র ও তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি শহরের পিয়ারপুর এলাকার হাসান আলীর ছেলে ফারুক আহম্মেদ (৩৭), তার সহযোগী রাজশাহী বিভাগের গোদাগাড়ী থানার আমতলা গ্রামের টগর আলী মন্ডলের ছেলে উম্মর বাবু (৪৬)। ফারুক নিজেকে বিজয় নিউজ বাংলাদেশের-এর উপজেলা প্রতিনিধি দাবী করে একটি পরিচয় পত্র দেখায়। তবে পুলিশ এই পরিচয় পত্রের সত্যতা পায় নি।
নেতৃত্ব দেওয়া আমবাগান পুলিশ ফাঁড়ির শহর পরিদর্শক (ইন্সপেক্টর) আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রেলগেটের সামনের সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে দেহ তল্লাশি করে মাদক উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’
