পাবনা প্রতিনিধিঃ
পাবনা শহরের বিভিন্ন বিপণি বিতান ও এর আশেপাশের এলাকায় পুলিশ অভিযান চলিয়ে নারী প্রতারকচক্রের সাত সদস্যকে আটক করেছে ।
আটককৃতরা সকলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা্র বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ। গতকাল রবিবার (০৩ রা জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পাবনার ঈদ বাজারে পকেটমারসহ বিভিন্ন প্রতারক ও অপরাধীচক্রের অপতৎপরতা রুখতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা রবিবার দুপুর আড়াইটার দিকে শহরের খান বাহাদুর শপিংমল এলাকায় অভিযান চালিয়ে নুরজাহান (২৫), সুলেমা (২২), নাসিমা আক্তার (১৯), তহুরা বেগম (২২), পারুল (২০), পুতুল (৪২) এও আসমা (৩২) নামে ৭ নারীকে আটক করেছে। আটককৃতদের সবার বাড়ি বাড়িব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দরমণ্ডল এলাকায় বলে তারা জানিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, ঈদ সামনে রেখে ১০ জনের একটি দল দেশের বিভিন্ন এলাকার বিপণি বিতানে ঘুরছে এবং বোরকা পরে বাজারের ভিড়ে মিশে যাচ্ছে।
ক্রেতাদের পকেট কাটা থেকে শুরু করে ব্যাগের মালামাল ও দোকানে রাখা জিনিসপত্র চুরি করাই তাদের প্রধান কাজ। দুদিন আগে তারা কুষ্টিয়া থেকে পাবনায় এসেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আসাদুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
