সুজানগরে গাছ চাপা পড়ে দুই শিশুর মৃত্যু

সুজানগর প্রতিনিধিঃ
পাবনার সুজানগরে গাছচাপায় শ্রী কিশান হালদার (৭) ও শ্রী রুপম হালদার (৮) নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 
এ সময় শিমুল হালদার নামে আরেক শিশু গুরুতর আহত হয়েছে। সোমবার (২৫শে জুন) বেলা ৩টার দিকে সুজানগর পৌরসভার হাসপাতালপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কিশান ওই এলাকার শ্রী বসু হালদারের ছেলে ও রুপম একই বাড়ির শ্রী বাসু হালদারের ছেলে। তাৎক্ষণিকভাবে আহত শিমুলের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তারা সবাই সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। 
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ও আহত শিশুদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ। খেলতে গিয়ে ছোট্ট শিশুদের এমন পরিণতি মানতে পারছেন না কেউই।
স্থানীয়রা জানান, হাসপাতালের পেছনের রাস্তা সংস্কারের কাজ করতে ভেকু গাড়ি দিয়ে রাস্তার পাশের বড় বড় গাছ কাটছিল ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন। তখন রাস্তার পাশের মাঠে খেলাধুলা করছিল কয়েক শিশু। 
এ সময় দুটি সুপারি গাছ শিশুদের শরীরে পড়লে কিশান, রুপম ও শিমুল আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুজানগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিশানকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে শিমুল ও রুপমের অবস্থার অবনতি হলে তাদের পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে রুপমের অবস্থার আরও অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু রাজশাহী যাবার পথে নাটোরে রুপমেরও মৃত্যু হয়।
এ দিকে ঘটনার পরপরই সুজানগর উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, পৌর মেয়র আব্দুল ওহাব, ইউএনও সুজিৎ দেবনাথ,পাবনা সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন ও উপজেলা আ, লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
সুজানগর থানার ওসি শরিফুল আলম জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া দোষী গাড়ির চালককে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।