পাবনায় নিখোঁজ যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার


পাবনা প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের জোতদাশুড়িয়া গ্রাম থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত যুবকের নাম আব্দুল কুদ্দুস বিশ্বাস (৩২)। সে জেলার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের রমজান বিশ্বাসের ছেলে। নিহত কুদ্দুস গত তিনদিন ধরে নিখোঁজ ছিল।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, পেশায় কাঠমিস্ত্রি কুদ্দুসের সদর উপজেলার দুলাই বাজারে দোকান আছে। 

গত সোমবার (১২ ই জুন) দোকানে কাজে আসার পর সে আর বাড়ী ফেরে নি। বিভিন্ন স্থানে খোজ করেও তার সন্ধান পাওয়া যায় নি। 

বুধবার (১৩ই জুন) সন্ধ্যায় জোতদাশুড়িয়া গ্রামে পদ্মা নদীর তীরে এক যুবকের গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, কুদ্দুসকে পূর্বশত্রুতার জেরে ডেকে এনে গলাকেটে  হত্যা করেছে দূর্বৃত্তরা।

মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।