পাবনায় সড়ক দূর্ঘটনায় আহতের পাশে জেলা প্রশাসন, নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ


নিজস্ব প্রতিনিধিঃ
পাবনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। 

বৃহঃস্পতিবার ২৪শে মে সন্ধ্যায় মাননীয় জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিনের নির্দেশে পাবনা সদরের ইউএনও মো: জয়নাল আবেদীন নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে দাফনের বিষয়ে খোজখবর নেন। 

এসময় তিনি নিহতদের স্বজনদের শান্তনা দেন। এবং দাফনের ব্যাপারে কোন সমস্যা আছে কি না তা জানতে চান। 

তিনি এই মর্মান্তিক দূর্ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের প্রত্যেকের উচিৎ নিজেদের সন্তানের ব্যাপারে আরো যত্নশীল হওয়া।

পরে এই দুর্ঘটনায় গুরুতর আহত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রুপক এর চিকিৎসার বিষয়ে খোজ নেন। 

আহতের পরিবারের সাথে কথা বলার সময় তিনি বলেন, মাননীয় জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমি এসেছি আহত ও নিহতদের খোজ নিতে।

এসময় তিনি আহত রুপকের মায়ের হাতে তার চিকিৎসা বাবদ নগদ দশ হাজার টাকা প্রদান করে বলেন, প্রাথমিক ভাবে এই সহায়তা করা হলো। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মহোদয়।


এ সময় সেখানে উপস্থিত ছিলেন, পাবনা সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আঃ করিম, মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম শরিফ, ২নং ওয়ার্ডের সদস্য মোঃ আঃ সালাম, নিউজপাবনা ডটকম পত্রিকার সম্পাদক ফয়সাল মাহমুদ পল্লব, পাবনাটাইমস পত্রিকার সম্পাদক এস এম মনিরুল ইসলাম সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

পরে রাত দশটায় টেবুনিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নিহত রোহান ও রাফাতের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বিপুল পরিমান মুসল্লী অংশগ্রহণ করেন। জানাযা শেষে তাদের কে টেবুনিয়া কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে পাবনা-চাটমোহর সড়কের আটঘরিয়া উত্তরচক কেরানীর ঢাল নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় পাবনা সদর উপজেলার মজিদপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে রাফাত হোসেন (১৬) ও রাণীগ্রামের মৃত রাজু প্রামানিকের ছেলে রোহান হোসেন (১৫) ঘটনাস্থলেই মারা যায়।

এই দূর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় রানীগ্রামের তপন হোসেনের ছেলে রূপক হোসেন (১৬) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়,  রোহান মোটর সাইকেলের জন্য বেশকিছু দিন ধরে বাড়িতে জিদ করছিল। তিনদিন আগে তাকে একটি নতুন মোটর সাইকেল কিনে দেয় পরিবার। বৃহঃস্পতিবার দুই বন্ধুকে সাথে নিয়ে মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয় রোহান।

এই ঘটনায় এলাকায় শোকে নিস্তব্ধতা নেমে আসে।