পাবনায় দু'পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ১ জন নিহত


পাবনা প্রতিনিধিঃ
পাবনার সদর উপজেলার চরঘোষপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহত রফিকুল (৩২) চরঘোষপুর গ্রামের আজাহার উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, চরঘোষপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু'গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে শুক্রবার বিকেলে উভয়পক্ষের সংঘর্ষ শুরু হলে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়।

গুরুতর আহতাবস্থায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আরো দুইজনের অবস্থা আশংকাজনক।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চরঘোষপুর গ্রামের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।