১ যুগ পর মাঠের রাজনীতিতে ফিরেছেন অধ্যাপক আবু সাইয়িদ


বেড়া প্রতিনিধিঃ
প্রায় এক যুগ পর পাবনার বেড়া ও সাঁথিয়ার রাজনীতির মাঠে সক্রিয় হয়ে উঠেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ।

গতকাল শনিবার ই মে তিনি বেড়া উপজেলার কাজীরহাট দিয়ে মোটরসাইকেল ও মাইক্রোবাসের বহর নিয়ে পাবনায় প্রবেশ করেন।

তাকে অভ্যর্থনা জানাতে রাস্তার দু'পাশে অবস্থান নেন অনেকেই।  আবু সাইয়িদ এক-এগারোর পর থেকে আওয়ামী লীগের রাজনীতি থেকে দীর্ঘদিন দূরে ছিলেন। রাজনীতিতে তার সক্রিয় হওয়ার মধ্য দিয়ে আবার চাঙ্গা হয়ে উঠেছে পাবনা-১ আসনের রাজনৈতিক মাঠ।

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিবস পালন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিশেষ আমন্ত্রণে আবু সাইয়িদ যোগ দেন। অনেকেই বলছেন, তিনি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কাছ থেকে 'সবুজ' সংকেত নিয়ে নতুন করে রাজনীতিতে সক্রিয় হয়েছেন।

শনিবার দুপুরে স্পিডবোটে আরিচা হয়ে তিনি কাজীরহাট আসেন। এ সময় কাজীরহাট ঘাটে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা তাকে অভ্যর্থনা জানান।

তার সফরসঙ্গী পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এম এ কাফী সরকার সমকালকে বলেন, বেড়া-সাঁথিয়ার বহু নেতাকর্মী-সমর্থক মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য পরিবহন নিয়ে অধ্যাপক আবু সাইয়িদকে অভ্যর্থনা জানান।

কাজীরহাট থেকে বেড়া যাওয়ার পথে তিনি ১৫ স্থানে পথসভা করেন। এসব সমাবেশে অধ্যাপক আবু সাইয়িদ বলেন, আমি বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা নিয়ে সবার সঙ্গে মতবিনিময় করছি। আমার কোনো প্রতিপক্ষ নেই।

তিনি বলেন, আগামী নির্বাচনে নৌকা পরাজিত হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে। যে কোনো মূল্যে শেখ হাসিনা ও নৌকাকে বিজয়ী করতে হবে।