পাবনা প্রতিনিধিঃ
আজ রবিবার ৬ই মে দুপুরে পাবনায় ২০ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডঃ আনিসুল হক।
সুধী সমাবেশে মন্ত্রী বলেন, সংবিধান নিয়ে অনেক ফুটবল খেলা হয়েছে, অনেক রঙ বদলানো হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর সংবিধান ফিরিয়ে নিয়ে এসেছেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আরোও বলেছেন, দন্ডপ্রাপ্ত আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে বৃটিশ সরকারের সাথে আলোচনা চলছে।
প্রধানমন্ত্রী মানবতাবিরোধীদের বিচার করে দেখিয়ে দিয়েছেন দেশে বিচার ব্যবস্থা আছে। বিচারকদের মান উন্নয়নে বিদেশে পাঠিয়ে তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
পাবনার জেলা ও দায়রা জজ মো: নুরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, পাবনা-১ আসনের এমপি শামসুল হক টুকু, পাবনা-৩ আসনের এমপি মকবুল হোসেন, সংরক্ষিত মহিলা আসন-৬ এর এমপি সেলিনা বেগম স্বপ্না, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো: জহিরুল হক।
পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, রাজশাহী গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জিল্লুর রহমান, ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, জেলা বারের সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট গোলাম হাসনাইন, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান হাবীব হাসান প্রমুখ।
এর আগে ঢাকা থেকে ট্রেন যোগে মন্ত্রী চাটমোহর রেলওয়ে স্টেশনে নামলে ঈশ্বরদী-আটঘরিয়া-চাটমোহর-ভাঙ্গুড়া-পাবনার আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
সেখানে চাটমোহর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সংক্ষিপ্ত পথসভায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যারা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ বিশ্বাস করে না, যারা রাজনীতির নামে জ্বালাও পোড়াও করে, যারা বাংলাদেশের উন্নতির বিপরীতে আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে চায় বাংলার জনগণ আর তাদের তথা স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় দেখতে চায় না।
