নিজস্ব প্রতিনিধিঃ
পাবনায় মাদক ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
আজ বুধবার ২৩শে মে দুপুরে শহরের প্রধান সড়ক ও আশপাশের ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
একই সময় শহরের রূপকথা রোডের শহীদ আমিনুদ্দিন আইন কলেজের পরিত্যক্ত ভবন থেকে মাদক সেবনরত অবস্থায় ৭ জনকে আটক করে পুলিশ।
আটকরা হলেন- ফরিদ আলী (৪৮), রমজান (৪৮), সাইফুল (৪০), আব্দুস সালাম (৪০), সাইদুর ইসলাম (৫০), মনিরুজ্জামান (৫০) ও হানিফুল (৪২)।
পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন এবং পুলিশ সুপার জিহাদুল কবীর পিপিএম এর নেতৃত্বে ঘণ্টাব্যাপী অভিযানে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের সদস্যরা অংশ নেয়।
মূল সড়কের দুপাশের ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে, ব্যবসায়ীদের সতর্কও করেন তারা।
এ সময় কয়েকজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে আর্থিক জরিমানাও করা হয়।
পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, মাদক ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে।
জেলা শহরের প্রধান সড়ক দখল করে অনেক ব্যবসায়ী স্থায়ী ও অস্থায়ী স্থাপনা গড়ে তুলেছেন। বার বার সতর্ক করার পরেও তারা অবৈধ দখল ছাড়েন না।
আজকের অভিযানে সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।


