ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদী উপজেলায় আজ সোমবার ২৮ মে বিকেল পাঁচটার দিকে অনিকা নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
ঈশ্বরদী পৌরশহরের ফতেমোহাম্মদপুর নিউ কলোনি এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
অনিকা ওই এলাকার লিটন ইসলামের মেয়ে। হাঁটতে গিয়ে সে পানিতে পড়ে যেতে পারে বলে জানিয়েছেন শিশুটির স্বজনেরা।
এদিন বিকাল ৪ টার দিকে অনিকাকে দেখতে না পেয়ে তার পরিবারের সদস্যরা তাকে প্রায় এক ঘণ্টা ধরে খুঁজছিল। অনেক খোঁজাখুঁজির পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর (৫ নম্বর ওয়ার্ড) কামাল আশরাফী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটি খেলতে গিয়ে অসাবধানতাবশত বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মরদেহ ভেসে ওঠে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হাসনা হেনা জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
