পাবনায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত


পাবনা প্রতিনিধিঃ
পাবনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আব্দুর রহমান (৪২) নিহত হয়েছে। শনিবার ভোর চারটার দিকে সদর উপজেলার মহেন্দ্রপুরে এ ঘটনা ঘটে। 

আব্দুর রহমান পাবনা সদর উপজেলার কবিরপুর গ্রামের মৃত আছের উদ্দিন শেখের ছেলে। তার বিরুদ্ধে সদর থানায় মাদক ও চাঁদাবাজির ৯ টি মামলা আছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তঃজেলা মাদক চক্রের সদস্য আব্দুর রহমানকে শুক্রবার সদর উপজেলার কবিরপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

পরে তার স্বীকোরোক্তি অনুযায়ী মজুদকৃত মাদকদ্রব্য উদ্ধারে রাত দেড়টার দিকে মহেন্দ্রপুর এলাকায় একটি পরিত্যক্ত দোকানে অভিযানে যায় পুলিশ। 


এ সময় ওত পেতে থাকা রহমানের সহযোগীরা অতির্কিতে হাতবোমা নিক্ষেপ করে পুলিশের উপর গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে, উভয় পক্ষের মধ্যে প্রায় আধা ঘন্টা ব্যাপী বন্দুকযুদ্ধ হয়। 

এক পর্যায়ে টিকতে না পেরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রহমানকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পুলিশ আরো জানায় সংঘর্ষ চলাকালে সন্ত্রাসীদের
ককটেল হামলায় আহত হয়েছে তিন পুলিশ সদস্য। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনাস্থল থেকে একটি শাটার গান, তিনটি থ্রি নট থ্রি রাইফেলের গুলি, চারটি কার্তুজ এবং ২শ’ পিচ ইয়াবা, ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।