পবিত্র রমজান মাসেও বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং এ অতিষ্ট পাবনাবাসী


নিজস্ব প্রতিনিধিঃ
ঋতু বদলের সাথে সাথে প্রকৃতি যেমন উত্তপ্ত হয়ে উঠছে তেমনি গরম শুরুর সাথে সাথে প্রতিদিন বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং-এ পবিত্র রমজান মাসেও নিত্য বিড়ম্বনায় পড়ছেন পাবনাবাসী। 

ভূক্তভোগিরা জানান, পবিত্র রমজান মাসেও গত কয়েকদিন ধরে প্রতিদিন সকালে-দুপুরে, বিকেল কিংবা রাতে সেহরি বা তারাবিহ নামাজের সময় বারবার লোডশেডিং এর কবলে পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন পাবনাবাসী।

মুসল্লিরা অভিযোগ করে বলেন, পবিত্র রমজান মাস হলো ঈবাদত বন্দেগীর মাস কিন্তু এই পবিত্র মাসেও সেহরি, ইফতার ও নামাজের সময় বারবার লোডশেডিং এ খুবই সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে এই তীব্র গরমে লোডশেডিং এর যন্ত্রনায় তারাবীহ নামাজ আদায় করতে খুব কষ্ট হচ্ছে। অনেকে অসুস্থ হয়ে পড়ছে।

স্থানীয় বিদ্যুৎ অফিসে এ বিষয়ে ফোন করে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তারা জানান, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে এলাকাভেদে বারবার লোডশেডিং দিয়ে পরিস্থিতী সামাল দেওয়া হচ্ছে।

এদিকে এমনিতে মশার উপদ্রবে যখন জনজীবন বিপর্যস্থ হয়ে পড়ছে তার ওপর রমজান মাসে বারবার লোডশেডিং এ চরম দুর্ভোগ পোহাচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। 

বিদ্যুৎ বিভ্রাটের কারনে পোল্ট্রি খামার অধ্যুসিত পাবনায় স্বাভাবিক জীবনযাত্রাও চরমভাবে ব্যাহত হচ্ছে।

নিয়মিত বিদ্যুৎ না থাকায় লোকসানের শিকার হচ্ছেন পোল্ট্রি খামারীরা। হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগী।