বার্তাকক্ষঃ
নওগাঁয় ধানকাটা শ্রমিকের কাজ করতে গিয়ে বজ্রপাতে শাহজাহান (৩৫) নামে পাবনার সাঁথিয়ার এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত শাহজাহান সাঁথিয়া পৌরসভার আমোষ পূর্বপাড়া গ্রামের রায়হান প্রামানিকের ছেলে।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকাল ৮টার দিকে নওগাঁ জেলার বগলগাছি উপজেলার ছোট গাবলা গ্রামের মাঠে।
প্রত্যক্ষদর্শী ও মৃত শাহজাহানের প্রতিবেশী একই গ্রামের রেজাউল প্রামানিকের বরাত দিয়ে জানা যায়, গত শনিবার (২৮ এপ্রিল) শাহজাহানসহ মোট ২৬জন কৃষি শ্রমিক ধানকাটা কাজের উদ্দেশ্যে নওগাঁ জেলার বগলগাছি উপজেলার ছোট গাবলা গ্রামে যায়।
অন্যান্য দিনের মত গত মঙ্গলবার ১লা মে সকালে ছোট গাবলা গ্রামের মাঠে ধান কাটার কাজ শুরু করে ।
এ সময় আকাশ কিছুটা মেঘলা ছিল । হটাৎ সকাল ৮টার দিকে ঘনঘন বজ্রপাত শুরু হলে ভয়ে নিরাপদ আশ্রয়ের জন্য তারা সবাই গ্রামের দিকে দৌড়াতে থাকে।
এরই মধ্যে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই শাহজাহান মারা যায়।
পরে সেখান থেকে লাশ সাঁথিয়ায় গ্রামের বাড়িতে নিয়ে এসে নামাজে জানাযা শেষে মঙ্গলবার রাতে আমোষ কবরস্থানে তাকে দাফন করা হয়।
