বার্তাকক্ষঃ
নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার ২১শে মে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে শিমুল বিশ্বাসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। তিনি জানান, আগামী ছয় মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।
মামলা সম্পর্কে সানজিদ সিদ্দিকী বলেন, ২০১৫ সালে পুলিশ বাদী হয়ে নাশকতার অভিযোগে মামলা দুটি করে। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের রায় হওয়ার পর পরই আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে আটক করে গোয়েন্দা পুলিশ।
এর পর কয়েক দফায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
