পাবনার কোন সংসদীয় আসনেরই সীমানা পরিবর্তন হচ্ছে না, ইসির চূড়ান্ত তালিকা প্রকাশ


বার্তাকক্ষঃ
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের মোট ৩০০টি সংসদীয় আসনে সীমানার খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

আজ সোমবার ৩০ শে এপ্রিল দুপুরে চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।  ৩০০ টি আসনের মধ্যে ২৫টি অাসনের সীমানা পরিবর্তন করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

এতে পাবনার ৫টি আসনের কোনটিতেই কোন প্রকার পরিবর্তন করা হয় নি। অর্থাৎ পূর্বের ন্যায় নির্ধারিত থাকবে পাবনার আসনগুলোর নির্বাচনী সীমানা। 

গত ১৪ মার্চ প্রকাশিত পরিবর্তিত খসড়া তালিকায় থাকা পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা চূড়ান্ত করা হয়নি। ফলে এই আসন দুটির সীমানা আগের সীমানায়ই বহাল থাকলো। 

চূড়ান্ত তালিকায় দেখা গেছে, পাবনা-১ আসনের সীমানা সাঁথিয়া উপজেলা ও বেড়া উপজেলার একাংশ বেড়া পৌরসভা, হাটুরিয়া-নাকালিয়া, নতুন ভারেঙ্গা, চাকলা ও কৈটোলা ইউনিয়ন নিয়ে গঠিত এবং পাবনা-২ আসনের সীমানা সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার বাকি অংশ নিয়ে চূড়ান্ত করা হয়েছে।

উল্লেখ্য গত ১৪ মার্চ প্রকাশিত খসড়া তালিকায় পাবনা-১ আসনের সীমানা পরিবর্তন করে শুধু সাঁথিয়া উপজেলা নির্ধারণ করা হয়। আর বেড়া ও সুজানগর উপজেলা নিয়ে পাবনা-২ আসনের সীমানা নির্ধারণ করে নির্বাচন কমিশন।

এছাড়া পাবনার অন্যান্য ৩ টি আসনেও সীমানায় কোন প্রকার পরিবর্তন করছে না নির্বাচন কমিশন।