পাবনা প্রতিনিধিঃ
পাবনা শহরের একটি বিদ্যালয়ের দেয়াল ধসে ৪ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
আজ শনিবার ২১ শে এপ্রিল সকাল ১০টার দিকে পাবনার পৌর সদরের শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংস্কার কাজের জন্য স্কুলের দেয়াল ঘেঁষে বালুসহ নির্মাণসামগ্রী রেখেছিলেন ঠিকাদার। সকালে স্কুলের দেয়ালের পাশ দিয়ে যাচ্ছিল কয়েকজন শিক্ষার্থী। এ সময় হঠাৎ দেয়াল ধসে পড়ে শিক্ষার্থীদের ওপর।
এতে গুরুতর আহত হয় শিবরামপুর এলাকার আইয়ুব আলীর মেয়ে আফরিন ও আফসানা, আমিন উদ্দিনের ছেলে আল আমিন ও মানিক রতনের ছেলে ইসমাইল নামের ৪ শিক্ষার্থী। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে আফরিন ও ইসমাইলের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আফরিন ও আফসানা দ্বিতীয় শ্রেণিতে এবং আল আমিন ও ইসমাইল শিশু শ্রেণির ছাত্র।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন জেলা প্রশাসক জসিম উদ্দিন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।
এদিকে, ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।
