সাঁথিয়ায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা


সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনা সাঁথিয়ায় ফিরোজ (২৫) নামে  এক যুবককে উপর্যুপরি কুপিয়ে হত্যা করছে অজ্ঞাত সন্ত্রাসীরা। 

নিহত ফিরোজ সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের রাঙামাটিয়া গ্রামের  আব্দুল হান্নানের ছেলে। 

আজ বুধবার ২৫শে এপ্রিল সকালে নিহতের লাশ উদ্ধার করছে সাঁথিয়া থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার  ছোন্দহ মাঠের শাহিনের মৎস্য খামারের পাশে পাকা রাস্তার উপর সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। 

নিহত ফিরোজের বাবা আঃ হান্নান জানান, গতকাল মঙ্গলবার রাতে খাবার খাওয়ার পর একজন ফিরোজকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

আজ সকালে ছেলের লাশ শনাক্ত করেন ফিরোজের বাবা। 

এলাকাবাসী জানান ফিরোজ  কিছুদিন আগে  জেল থেকে জামিনে ছাড়া পেয়ে ইজি বাইক চালাতো।

সন্ত্রাসীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে পুলিশ ও এলাকাবাসীর ধারণা।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ হাসান ইনাম জানান, তার বিরুদ্ধে থানায় হত্যা, ছিনতাই, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। 

সহকারী পুলিশ সুপার (অপরাধ) ফিরোজ কবির, এএসপি সার্কেল আশিস বিন হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।