বিনা টিকিটে রেলভ্রমন, তিন মাসে দেড় কোটি টাকা জরিমানা আদায়


বার্তাকক্ষঃ
তিন মাসে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১৮টি যাত্রীবাহী ট্রেনে ৯৫ হাজার ৬৪৩ যাত্রীকে ভাড়াসহ জরিমানা করা হয়েছে। এসব যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা হিসেবে ১ কোটি ৪৮ লাখ ৭১ হাজার ৬২১ টাকা আদায় করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার ১৯এপ্রিল পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যাবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য জানান।

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনোয়ার হোসেন জানানপশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় ১৮টি আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন দেশের পশ্চিম-উত্তর-দক্ষিণাঞ্চলে চলাচল করে। 

চলতি বছরে জানুয়ারি-মার্চ মাসে ১৮টি আন্তঃনগর ট্রেনে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যাবস্থাপক অসীম কুমার তালুকদারের নেতৃত্বে পশ্চিমাঞ্চল রেলওয়েতে রাজস্ব বাড়াতে পাকশী বিভাগীয় দফতরের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী এ অভিযান পরিচালনা করে।

এই বিভাগের আওতায় ঈশ্বরদী জংশনের ওপর দিয়ে দেশের বিভিন্ন রুটে ১৮টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে চলতি বছরে গত তিন মাসে (জানুয়ারি-মার্চ) সর্বমোট ১ কোটি ৪৮ লাখ ৭১ হাজার ৬২১টাকা ভ্রাম্যমাণ আদালতে আয় হয়েছে। 

বিনা টিকিটে ট্রেন যাত্রীর সংখ্যা ৯৫ হাজার ৬৪৩ জন। ভাড়া থেকে আদায় হয়েছে ১ কোটি ৭৫ হাজার ৮৩৪ টাকা। আর জরিমানা থেকে আদায় ৩১ লাখ ৯৯ হাজার ৮৮৭ টাকা।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যাবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার জানানসপ্তাহের দুদিন অফিসার কর্তৃক ও বাকি দিনগুলোতে দায়িত্বরত রেলওয়ে কর্মচারীরা এ অভিযান পরিচালনা করেন। 

এ ধরনের অভিযানের কারণে বিনা টিকেটে রেলভ্রমণ কমছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।