আগামীকাল ১ লা মে পবিত্র শবে-বরাত


বার্তাকক্ষঃ
আগামীকাল ১ মে মঙ্গলবার দিবাগত রাতে বাংলাদেশে পবিত্র লাইলাতুল বরাত, অর্থাৎ শবেবরাত পালিত হবে। 

এ জন্য সরকারি ছুটি থাকবে ২ মে। গত মঙ্গলবার সন্ধ্যায় ১৪৩৯ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যসচিব সামীম মোহাম্মদ আফজাল। 

তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেছে। তাই বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং শবেবরাত পালিত হবে ১ মে দিবাগত রাতে।’

সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোয়াজ্জেম হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. সাইদুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস) মো. মিজান-উল-আলম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জিয়াউল হাসান ও বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত শবেবরাতের তাৎপর্যপূর্ণ রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলিমরা ইবাদত-বন্দেগিতে কাটিয়ে থাকেন।