পাবনায় আর এম একাডেমীর বর্নাঢ্য পূনর্মিলনী, স্মৃতিতে ফিরে গেলেন প্রাক্তনেরা


পাবনা প্রতিনিধিঃ
আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে অনুষ্ঠিত হল পাবনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাধানগর মজুমদার একাডেমী (আর এম একাডেমী) স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী। 

বিদ্যালয়ের ১১৯ বছর পূর্তিতে এ আয়োজনে প্রাক্তন ছাত্রদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো পাবনা শহর।

শনিবার সকালে এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিলিত হয় স্মৃতিচারণ অনুষ্ঠানে। 

প্রাক্তন ছাত্র ছাড়াও এ সময় বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম।

এ সময় প্রাক্তন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ, দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু, পৌর মেয়র কামরুল হাসান মিন্টুসহ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের কয়েক হাজার প্রাক্তন ছাত্র।

স্কুলজীবনের স্মৃতিচারণে আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ বলেন, জীবনের সবচেয়ে মধুর সময় কাটিয়েছি এই রাধানগর মজুমদার একাডেমী স্কুলে। এই পড়ন্ত বেলায় আবারো এ স্কুল প্রাঙ্গণে এসে খুবই ভালো লাগছে। ছেলেবেলার বন্ধুদের খুব বেশি মনে পড়ছে। একজন শিক্ষক হিসেবে নিজ অবস্থানের পেছনে আর এম একাডেমী স্কুলের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন তিনি।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু মহান মুক্তিযুদ্ধে আর এম একাডেমীর শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করেন।

তিনি বলেন, পাবনা এডওয়ার্ড কলেজের দেয়ালঘেঁষা এ স্কুলের শিক্ষার্থীরা সব সময়ই রাজনীতি সচেতন। দেশের প্রয়োজনে জীবন বাজি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। তিনি বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের স্কুলের পাশে থাকার আহ্বান জানান।

প্রসঙ্গত, ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন কবি বন্দে আলী মিয়া, পণ্ডিত বারীণ মজুমদার, এমিরেটাস অধ্যাপক অরুণ কুমার বসাকসহ অসংখ্য বরেণ্য ব্যক্তিত্ব। মহান মুক্তিযুদ্ধে এ স্কুলের শিক্ষার্থীদের ছিল অসামান্য সাহসী ভূমিকা।

বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন উপমহাদেশের প্রখ্যাত ব্যান্ড শিল্পী নগরবাউল খ্যাত জেমস।