পাবিপ্রবির নবনিযুক্ত সহকারী প্রক্টরকে প্রাণনাশের হুমকি, প্রতিবাদে মানববন্ধন


পাবনা প্রতিনিধিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক উত্তম চৌধুরীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে আজ শনিবার ২১শে এপ্রিল বিশ্ববিদ্যালয় চত্তরে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

গত ১৭ এপ্রিল উত্তম কুমার চৌধুরীকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিয়োগের মাত্র তিন দিনের মাথায় তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে একদল দুর্বৃত্ত।

জানা যায়, শুক্রবার (২০ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে পাবনা শহরের অনন্ত এলাকায় উত্তম কুমার চৌধুরীর ভাড়া বাসায় ৮/১০টি মোটর সাইকেলে ১৫ থেকে ১৮ জনের একটি দল গিয়ে উত্তম কুমার চৌধুরীর খোঁজ করেন। এসময় তাঁকে না পেয়ে তাঁর স্ত্রীকে গালিগালাজ ও শিক্ষক উত্তম চৌধুরীকে অবিলম্বে প্রক্টর থেকে পদত্যাগ না করলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। পরে এদিন রাতেই উত্তম চৌধুরী পাবনা সদর থানায় জিডি করেন।

উত্তম চৌধুরী বলেন, আমাকে আক্রমণ করার জন্যই দুর্বৃত্তরা আমার বাসায় এসেছিল। প্রাণনাশের এঘটনায় পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। পাবনা সদর থানার জিডি নং-০০৬৭।

মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ হাবিবুল্লাহ, প্রক্টর ড. প্রীতম কুমার দাস, শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয়, সাধারণ সম্পাদক কিসলু নোমান, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডন, কর্মচারী সমিতির সভাপতি জামসেদ পলাশ, সেকশন অফিসার জহুরুল ইসলাম প্রিন্স ও ছাত্রলীগ সভাপতি মাহমুদ চৌধুরী আসিফ।

মানববন্ধনে বক্তারা সহকারী প্রক্টর উত্তম কুমার চৌধুরীকে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানান। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের দাবী জানান তারা।