রিজভী জয়ঃ
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সদরুল ইসলাম পিন্টু (২৮) দূর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন।
আজ রবিবার ১ লা এপ্রিল রাত ৯ টার দিকে রূপপুর পারমাণবিক প্রকল্পের একশ গজের মধ্যে রূপপুর মোড়ে এ ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় পিন্টুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, রবিবার রাতে রূপপুর বাজারে বসে গল্প করছিল। এ সময় মোটর সাইকেলে আসা কয়েকজন দূর্বৃত্ত পিন্টুকে গুলি করে ও চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পিন্টুর শরীরে দুই রাউন্ড গুলি বিদ্ধ হয়েছে। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমউদ্দিন জানান, পিন্টুর উপর হামলার ঘটনা শুনেছি। তবে তাকে গুলি করা হয়েছে কিনা নিশ্চিত নয়। তবে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক প্রকল্প একটি বিশেষ নিরাপত্তা বলয়ভুক্ত এলাকা। সেখানেই প্রকাশ্যে এ ধরণের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা।
