পাবনায় স্কুলের দেয়াল ধসে গুরুতর আহত আফরিনের মৃত্যু


পাবনা প্রতিনিধিঃ
পাবনায় স্কুলের দেয়াল ধসে গুরুতর আহত স্কুল শিক্ষার্থী আফরিন মারা গেছে।

আজ শনিবার ২১শে এপ্রিল বেলা  সাড়ে তিন টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

আহত স্কুল শিক্ষার্থীদের সাথে রাজশাহী মেডিকেল কলেজে থাকা শিবরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী  শিক্ষক আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ১০টার দিকে পাবনার পৌর সদরের শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেয়াল চাপা পড়ে চার শিক্ষার্থী আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংস্কার কাজের জন্য স্কুলের দেয়াল ঘেঁষে বালুসহ নির্মাণসামগ্রী রেখেছিলেন ঠিকাদার। সকালে স্কুলের দেয়ালের পাশ দিয়ে যাচ্ছিল কয়েকজন শিক্ষার্থী। এ সময় হঠাৎ দেয়াল ধসে পড়ে শিক্ষার্থীদের ওপর। এতে গুরুতর আহত হয় শিবরামপুর এলাকার আইয়ুব আলীর মেয়ে আফরিন ও আফসানা, আমিন উদ্দিনের ছেলে আল আমিন ও মানিক রতনের ছেলে ইসমাইল নামের ৪ শিক্ষার্থী। 

তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আফরিন ও আল আমিন কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সকালে জেলা প্রশাসক জসিম উদ্দিন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে, ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।