ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ভবানীপুর থেকে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দরা।
আটককৃত ছিনতাইকারীরা হলেন পাবনা শহরের শালগাড়িয়া এলাকার আব্দুল মান্নান শেখের ছেলে রাকিবুল ইসলাম (২৪) ও একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে জীবন ওরফে হারপিক জীবন।
স্থানীয়রা জানান, আজ রবিবার (৮ এপ্রিল) সকাল ১০টায় ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের ফয়সাল হোসেন লিটনের ধান চাতালের সামনে (ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পাশে) ছিনতাইকারীরা ক্ষুদ্র ব্যবসায়ী পাঞ্জাব আলী (৫০) কে হাতে ছুরিকাঘাত করে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় পাঞ্জাব আলীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দুই ছিনতাকারীকে আটক করে গণপিটুনী দেয়। পরে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীদের ঈশ্বরদী থানায় নিয়ে আসেন।
ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী পাঞ্জাব আলী মুলাডুলির বাগবাড়িয়া গ্রামের মৃত ইব্রাহিম প্রামানিকের ছেলে। তাঁকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহরুল হক জানান, দুই ছিনতাইকারীকে গ্রেফতারের পর ঈশ্বরদী থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, ইতিপূর্বেও এই ছিনতাইকারীদের গ্রুপই ওই এলাকায় ছিনতাইয়ের সময় পুলিশের হাতে গাড়িসহ আটক হয়েছিল। তারা জামিনে মুক্ত হয়ে আবারো ছিনতাই করার চেষ্টা করেছিল। পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
