পাবনায় শুরু হল "জাতীয় সঞ্চয় সপ্তাহ"- ২০১৮


পাবনা প্রতিনিধিঃ
‘চলো সবাই সঞ্চয় করি,ডিজিটাল বাংলাদেশ গড়তে সহয়তা করি’ এ প্রতিপাদ্য নিয়ে পাবনায় শুরু হল জাতীয় সঞ্চয় সপ্তাহ।

জেলা সঞ্চয় অধিদপ্তরের আয়োজনে শনিবার ৭ই এপ্রিল  সকালে সঞ্চয় সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। পরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের শহীদ টিংকু লেনে এসে শেষ হয়।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক কৃষ্ণ কুমার শীলের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম প্রমূখ।

এ সময় বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে সঞ্চয় সপ্তাহের গুরুত্ব তুলে ধরে, সঞ্চয়পত্রে বিনিয়োগ করে নিরাপদ ও ঝুঁকিমুক্ত থাকার আহবান জানান তারা।

সঞ্চয় সপ্তাহের কর্মসূচীর মধ্যে রয়েছে সকল সরকারী,বেসরকারী প্রতিষ্ঠান, কলকারখানার শ্রমিক ও বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে সঞ্চয়ে উদ্ধুদ্ধ করা।

জেলা সঞ্চয় অধিদপ্তর সূত্র জানায়, ২০১৬-১৭ অর্থবছরে পাবনায় ৯১ কোটি ৫০ লক্ষ টাকা সঞ্চয় লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন হয়েছে ১৫৪ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা।

গ্রাহকসেবায় দৃষ্টান্ত স্থাপন করায় পরপর তিনবার বিভাগীয় পর্যায়ে শীর্ষ স্থান দখল করেছে সঞ্চয় অফিস পাবনা বুরো।