পাবনা প্রতিনিধিঃ
পাবনায় নিজ বাড়ির ছাদ থেকে শাহেদ হাসান শুভ (২৬) নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার ২৪শে এপ্রিল সকাল সাতটার দিকে পাবনা পৌর এলাকার নারায়ণপুরের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে।
শাহেদ হাসান শুভ ওই এলাকার আরশেদ আলমের ছেলে। নিহতের পরিবারের দাবি, রাজনীতি ছেড়ে দেওয়ায় হয়ত প্রতিপক্ষের কর্মীরা তাকে হত্যা করেছে।
নিহত শুভর বড় ভাই অ্যাডভোকেট সোহেল হাসান জানান, বাড়ির পাশেই শুভকে পরিবারের পক্ষ থেকে রড-সিমেন্টের দোকান করে দেয়া হয়েছিল। প্রতিদিন দোকানের কাজ শেষ করে একটু রাতে বাড়ি ফিরত সে।
তিনি জানান, মঙ্গলবার ভোরে শুভকে নিজ ঘরে না পেয়ে তারা সন্ধান করেন। এক পর্যায়ে বাড়ির ছাদে গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।
অ্যাডভোকেট সোহেল দাবি করেন, ‘শুভ এলাকায় ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিল। পরিবারের চাপে কিছুদিন আগে সে রাজনীতি ছেড়ে দেয়।
এরপর দোকান করে দিলে পুরোপুরি ব্যবসায় মন দেয়। রাজনৈতিক কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি।’
পাবনা সদর থানার ওসি ওবাইদুল হক জনান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে শুভকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
