আইপিএল খেলা নিয়ে পাবনার বেড়ায় চলছে রমরমা ক্রিকেট জুয়া


এস,এম জহুরুল হকঃ
ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) নিয়ে বেড়া পৌরশহরের সর্বত্র চলছে জমজমাট জুয়া বাণিজ্য। 

বিগত আসরগুলোতে এভাবে জুয়া খেলে ব্যবসা-বাণিজ্য নষ্টসহ অনেকে ঋণগ্রস্ত হয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। এ বিষয়ে প্রশাসনের কোনো ধরনের নজরদারি না থাকায় জুয়া যেন ওপেন সিক্রেটে পরিনত হয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) হল সর্বোচ্চ বাজেটের একটি ক্রিকেট টুর্নামেন্ট। এ খেলায় অংশগ্রহণ করেন বিশ্বের সব নামী-দামী খেলোয়াড়।ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলাকে নিয়ে জুয়ার নেশায় মেতে উঠেছে স্কুল কলেজের শিক্ষার্থী, বেকার যুবক, রিকশা-ভ্যান চালক, গাড়ির স্টাফ, দোকান কর্মচারী,চায়ের দোকানী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন। 

পাড়া-মহল্লার চায়ের দোকান, অফিস, বাসা-বাড়ি এমনকি যেখানেই টিভি সেখানেই চলছে বাজি ধরা।বিষেশ করে চায়ের দোকানে। খেলা শুরু হওয়ার পর থেকে এই বাজি ১০০ থেকে শুরু হয়ে কয়েক লাখ টাকা পর্যন্ত বাজি ধরা হচ্ছে।কেবল ম্যাচে হারজিত নিয়েই বাজি নয়, প্রতি ওভারে ওভারে- এমনকি বলে বলে বাজি ধরছেন ছোট-বড় বাজিকররা। এতে করে প্রতিদিনই প্রায় কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বাজিকরের দল। 

এছাড়া স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করে বেট ৩৬৫ নামের ওয়েবসাইটের মাধ্যমে দেশে-বিদেশের বাজিকরদের সঙ্গেও বাজি ধরে থাকেন এখানকার উঠতি বয়সী স্কুল কলেজগামী ছাত্ররা। ফলে এসব জুয়াড়িরা অনেকটাই থেকে যাচ্ছে প্রশাসনের ধরা-ছোঁয়ার বাইরে। 

মোবাইল ও ইন্টারনেট টিভি দেখে সহপাঠিদের সঙ্গে ফোন, হোয়াটস্আপ, ইমু ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে খেলার হারা-জেতার ওপর বিভিন্ন অংকের টাকা বাজি ধরা হয়। কোন খেলোয়াড় বেশি রান করবে, কোন বোলার বেশি উইকেট পাবে, কোন ব্যাটস ম্যান বেশি ছক্কা মারবে, কে বেশি চার মারবে, কোন বলে চার বা ছয় হবে এসবের ওপর প্রতি মুহূর্তেই চলছে বাজিধরা।

আইপিএল ক্রিকেট খেলাকে ঘিরে বেড়া পৌর শহর জুড়ে চলছে জুয়ার রমরমা বানিজ্যে। বেড়ার পৌর শহরে কানাইবাড়ীমোড়ের কিছু ব্যবসায়ী ক্রিকেট জুয়ায় নিস্ব হয়ে রিক্সা ভ্যান চালিয়ে মানবেতর জীবন করছে। আর অনেকেই সবকিছু হারিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এত কিছুর জন্য সবাই এই সর্বনাশা আইপিএল ক্রিকেট খেলাকেই দায়ি করেন। বতমানে পুরো কানাইবাড়ী মোড় সহ বেড়া পৌরশহর আইপিএল জুয়ায় ভাসছে। ফলে ক্রিকেট জুয়ার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছে শিক্ষার্থীসহ যুবসমাজ।

বেড়া পৌর সভার প্রায় প্রত্যেক চায়ের দোকান বিশেষ করে ফকির প্লাজার সামনে উপজেলা রোড কানাইবাড়ি মোড়ের দু এক চায়ের দোকান বাদ দিয়ে সব দোকান আইপিএল জুয়ায় ভাসছে। ফলে ক্রিকেট জুয়ার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছে শিক্ষার্থীসহ যুবসমাজ। 

এ ব্যপারে জানতে চাইলে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, আইপিএল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জুয়ার বিষয়টি শুনেছি, তবে এদের ধরা মুসকিল হলেও তদন্ত চলছে ব্যবস্থা গ্রহণ করা হবে।