ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সদরুল আলম পিন্টু (২৮) দূর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়ে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
নিহতের পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
উল্লেখ্য গতকাল রবিবার (১লা এপ্রিল) রাত ৯টার দিকে পিন্টু রূপপুর বাজারে বসে গল্প করছিল। এ সময় মোটর সাইকেলে আসা কয়েকজন দূর্বৃত্ত পিন্টুকে গুলি করে ও চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পিন্টুর শরীরে দুই রাউন্ড গুলি বিদ্ধ হয়।
স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে সেখানে পিন্টুর অবস্থা আশংকাজনক দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোর ৪ টার দিকে সে মারা যায়।
ধারনা করা হচ্ছে ঈশ্বরদীর ক্ষমতাসীন দলের বিবদমান গ্রুপিং এ আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে এই হত্যাকান্ড সংঘটিত হয়ে থাকতে পারে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমউদ্দিন জানান, পিন্টুর উপর হামলার ঘটনা শুনেছি। পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে এ বিষয়ে থানায় কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেনি।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক প্রকল্প একটি বিশেষ নিরাপত্তা বলয়ভুক্ত এলাকা। সেখানেই প্রকাশ্যে এ ধরণের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। প্রশ্ন উঠেছে এই প্রকল্পের বিদেশী কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে।
