পাবনায় সওজের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজারে সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায়।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় এ অভিযান চালানো হয়। এসময় টেবুনিয়া বাজারে মহাসড়কের পাশের প্রায় দুইশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। টেবুনিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের নামে অবৈধভাবে সওজের দখলকৃত জায়গায় নির্মিত মার্কেট ও মসজিদের বর্ধিত অংশ আগামী ৬ মাসের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দেয় ভ্রাম্যমান আদালত।


উল্লেখ্য মহামান্য হাইকোর্টের রিট পিটিশন ১৫৪৬/২০১১ এর রায়ের নির্দেশ মোতাবেক গণচলাচল ব্যবস্থাপনা সম্পর্কিত ২৫ দফা বাস্তবায়নের ৩,৪ ও ৫ নং নির্দেশনা মোতাবেক এই অভিযান চালায় সওজ বিভাগ। 

নির্দেশনার ৩ নং অনুচ্ছেদে বলা হয়, কর্তৃপক্ষের অনুমতি ব্যাতীত মহাসড়কে বা এর স্লোপে বা এর যে কোন অংশে অস্থায়ী বা স্থায়ীভাবে নির্মিত হাট-বাজার বা দোকান উচ্ছেদের নির্দেশ দেয়া হয়। ৪ নং অনুচ্ছেদে মহাসড়কের ১০ মিটারের মধ্যে কোন প্রকার হাট-বাজার বা বানিজ্যিক স্থাপনা নির্মানের অনুমতি না দেয়ার কথা বলা হয়। ৫ নং অনুচ্ছেদে যানবাহন চলাচল ব্যাতীত মহাসড়কে জনসভা বা অন্য কোন ভাবে ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়।


মহামান্য আদালতের উক্ত নির্দেশনা বাস্তবায়ন করে ২৬/৯/২০১৬ইং তারিখের মধ্যে স্ব-রাষ্ট্র মন্ত্রনালয় কে অবহিত করার কথা বলা হয়। সেই সাথে প্রতি দুই মাস অন্তর মহামান্য হাইকোর্ট বিভাগে অগ্রগতি প্রতিবেদন প্রদানের নির্দেশ দেয়া হয়।

মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে জনমনে সন্তুষ্টি দেখা যায়। এমন অভিযান অব্যাহত রাখার কথা বলেন তারা। সেইসাথে মহাসড়কে যততত্র অবৈধ গাড়ী পার্কিং বন্ধ করে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানান।