বিশেষ প্রতিনিধিঃ
বাংলা সনের প্রবর্তক মোগল সম্রাট আকবরকে উৎসর্গ করে পাবনায় কৃষক ও কৃষিশ্রমিকের সাথে পহেলা বৈশাখ উদযাপন করল জেন ওয়াই জেড নামের একটি যুব সংগঠন।
গতকাল শনিবার ১৪ই এপ্রিল সকালে জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাজারে এই ভিন্নধর্মী আয়োজনে বর্ষ বরণ ব্যাপক সাড়া ফেলেছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় সূত্র জানায়, "কৃষি ও কৃষক মঙ্গল" শিরোনামে আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রা।
শোভাযাত্রায় অংশগ্রহন করেন হান্ডিয়াল ইউনিয়নের মাহাতো সম্প্রদায়ের আদিবাসী নারী-পুরুষ কৃষিশ্রমিক-কৃষক-শিক্ষার্থী,সাধারণ বাঙালি কৃষিশ্রমিক-কৃষক,এলাকার সুধীসমাজ - সাংস্কৃতিক ও সমাজ কর্মীবৃন্দ।
বিশিষ্ট সুধীজনদের মধ্যে ছিলেন চাটমোহর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব মো: গোলজার হোসেন,চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন,চাটমোহর শাখার চেয়ারম্যান কে এম বেলালুর রহমান,হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন,হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো:নূরুল ইসলাম,হান্ডিয়াল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো: আবুল হাশেম,সিরাজগঞ্জের নওগাঁর পানসি সাংস্কৃতিক একাডেমীর সদস্যরা প্রমুখ।
যুব সংগঠন জেন ওয়াই জেড এর দলনেতা হুমায়ুন কবীর বলেন, বাংলা নববর্ষের সূচনা হয়েছিল সম্রাট আকবরের মাধ্যমে দেশের সহজ সরল খেটে খাওয়া মানুষের জন্য। কিন্ত বর্তমান কর্পোরেট সভ্যতার আগ্রাসনে নববর্ষ শহুরে সমাজের বাজার সংস্কৃতির লৌকিকতায় পরিণত হয়েছে। এ কারণেই আমাদের নতুন প্রজন্মকে বাংলা নববর্ষের সৃষ্টির ইতিহাস এবং গ্রামীণ বাঙালী সংস্কৃতির সাথে পরিচিত করতে ভিন্নধর্মী বর্ষবরণের আয়োজন।
এ সময় চলনবিলাঞ্চলের গ্রামীণ লোক সংস্কৃতি ও সমতলের নৃগোষ্ঠীর সাংস্কৃতিক আচার সংরক্ষণের দাবি জানায় যুব সংগঠন জেন ওয়াই জেড।
