ঈশ্বরদীতে শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় আতংকিত হয়ে মহিলার মৃত্যু


ঈশ্বরদী প্রতিনিধিঃ 
পাবনার ঈশ্বরদীতে শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় আতংকিত হয়ে  জমেলা খাতুন (৪৫) নামের এক মহিলার মৃত্যু হয়। 

আজ ৩০ মার্চ শুক্রবার বিকাল সোয়া ৪টায় ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর মধ্যপাড়া গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। 

নিহত জমেলা খাতুন কামালপুর গ্রামের মৃত দেলবার হোসেন সরদারের স্ত্রী। 

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে ঝড়ো হাওয়া শুরু হলে জমেলা খাতুন বাড়ির পাশে লিচু বাগানে লিচুর ঝরে পড়া পাতা কুড়াতে যান। 

এ সময় প্রচন্ড ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি শুরু হলে জমেলা বেগম আতংকিত হয়ে লিচু বাগানে পড়ে যান। বৃষ্টি শেষে স্থানীয়রা লিচু বাগানে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে আনলেও ততক্ষণে সে মারা যায়।

নিহতের ছেলে আলম সরদার জানান, ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে আতংকিত হয়েই আমার মায়ের মৃত্যু হয়েছে। শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।