সাঁথিয়া প্রতিনিধিঃ
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাসের চূড়ান্ত তালিকায় পাবনার সাঁথিয়া উপজেলাকে একক নির্বাচনী এলাকা হিসেবে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ শনিবার ২৪ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদরে সাঁথিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কয়েক হাজার এলাকাবাসী অংশ নেয়। এছাড়াও সাঁথিয়ার মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও বিভিন্ন পেষাজীবি সংগঠন একাত্মতা প্রকাশ করে এতে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সাঁথিয়া ফাউন্ডেশনের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. মনসুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ, ঢাকাস্থ সাথিয়া সমিতির সভাপিত মনসুর আলম, পাবনা জেলা পরিষদ সদস্য শামসুন্নাহার মুক্তা, এনজিও প্রতিনিধি শামিম রেজা ও সাথিয়া উপজেলা বিএনপি সভাপতি আবুল কাশেমসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, সম্প্রতি সাঁথিয়া উপজেলাকে ৬৮ পাবনা ১ আসন হিসেবে সীমানা নির্ধারণ করে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সাঁথিয়াবাসী কমিশনের এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, চূড়ান্ত তালিকায় তা বহাল রেখে গেজেট প্রকাশের দাবি জানান।
প্রসঙ্গত, সাথিয়া উপজেলার ১১টি ইউনিয়ন ও বেড়া উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে পাবনা-১ সংসদীয় আসন। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে, নির্বাচন কমিশনের সীমানা পুনর্বিন্যাসের তালিকায় বেড়া উপজেলার ইউনিয়ন বাদ দিয়ে কেবল সাঁথিয়া উপজেলাকে পৃথক আসন হিসেবে ঘোষণা করেন।
