পাবনায় ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার


পাবনা প্রতিনিধিঃ
পাবনার সদর উপজেলার কোলাদী গ্রামে আব্দুর রশিদ (৫৫) নামের এক মুদি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ২৫ মার্চ ভোরে পুলিশ তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রশিদ সদরের ভাড়ারা ইউনিয়নের কোলাদী গ্রামের মৃত ওয়াহেদ আলী বিশ্বাসের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জালাল উদ্দিন বলেন, সকালে আব্দুর রশিদের বাড়ির পাশের একটি পুকুর পাড়ে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গলা কাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত ধারালো একটি বটি উদ্ধার করা হয়েছে। ভোরে তাকে বটি দিয়ে গলা কেটে হত্যার পর লাশ ফেলে গেছে হত্যাকারীরা। তবে কারা, কোন উদ্দেশে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলেও জানান তিনি।