সুজানগরে বজ্রপাতে ৩ কৃষক নিহত


সুজানগর প্রতিনিধিঃ
পাবনার সুজানগরে মাঠে তুলে রাখা পেঁয়াজ পাহাড়া দিতে গিয়ে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার ৩০মার্চ রাতে পেঁয়াজ পাহাড়া দিতে গিয়ে নিখোঁজ হওয়া ৩ কৃষকের মরদেহ শনিবার সকাল ১১টার দিকে উদ্ধার করেন সুজানগর থানা পুলিশ।

নিহতরা হলেন- উপজেলার মানিকহাট ইউনিয়নের বিক্রমাদিত্য গ্রামের মুক্তার শেখের ছেলে দুলাল হোসেন (৪০), আব্দুল আজিজ মোল্লার ছেলে আব্দুল আলিম (৩২) ও মোতাহার আলীর ছেলে লইম উদ্দিন (৫০)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কল) মা. ফরহাদ হাসান জানান, শুক্রবার বিকল মানিকহাট ইউনিয়নের হাটখালি মৌজার নিজের জমিতে পেঁয়াজ তুলতে যান ওই তিন কৃষক। বিকেলে ঝড়-বৃষ্টির কবলে পড়ে তারা বাড়িতে ফিরে যান। পরে রাতে পুনরায় মাঠ থেকে তোলা পেঁয়াজ পাহাড়া দিতে গিয়ে আর ফিরে আসেননি তারা।

ফরহাদ হাসান আরো জানান, রাতে বাড়ি না ফেরায় স্বজনরা তাদের খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। 

আজ শনিবার সকালে বজ্রপাতে নিহত তিন জনের মৃতদেহ পাওয়া গেছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।