ঈশ্বরদীর আলোচিত মহিলা ইউপি সদস্যের মামলায় আগাম জামিন পেলেন মিনহাজ ফকির


ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মেরিনা খাতুনের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিনহাজ ফকির। 

আজ সোমবার (১৯ মার্চ) সকাল ১১টা ৫৪ মিনিটে চেয়ারম্যান মিনহাজ স্বেচ্ছায় পাবনার অতিরিক্ত মূখ্য বিচারকের আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক রেজাউল করিম জামিনের আবেদন মঞ্জুর করেন। চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ ফকিরের পে আইনজীবী ছিলেন আহাদ বাবু।

চেয়ারম্যান মিনহাজ জানান, আমি আইনের প্রতি শ্রোদ্ধাশীল। তাই আদালতে স্বেচ্ছায় উপস্থিত হয়ে আদালতের নিকট জামিন আবেদন প্রার্থনা করি। আদালতের বিচারক আমার জামিন মঞ্জুর করেছেন। 

তিনি আরও বলেন, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। এই মামলার বাদি ইউপি সদস্য মেরিনা খাতুন আমার প্রতিপরে সঙ্গে আতাঁত করে আমার বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করেছেন। ষড়যন্ত্রকারিরা হয়রানি করতে পারে কিন্তু কখনও জয়ি হতে পারে না। আমার জামিনের মধ্য দিয়ে আজ তা প্রমাণ হলো।

উল্লেখ্য, গত ১৫ মার্চ রাতে অস্ত্র ঠেকিয়ে সাহাপুর ইউপি সদস্য মেরিনা খাতুনের নিকট থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা চেয়ারম্যান মিনহাজ কেড়ে নিয়েছে এই অভিযোগে মেরিনা খাতুন ১৬ মার্চ ঈশ্বরদী থানায় এই মামলা দায়ের করেন।