ঈশ্বরদীতে অনুষ্ঠানে দাওয়াত না দেয়ার স্টেশন সুপারকে পিটিয়েছে শ্রমিকলীগ নেতারা


ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাকশী বিভাগীয় কর্মকর্তাদের সামনেই ঈশ্বরদীর স্টেশন সুপার (এসএস) আব্দুল করিমকে র‍্যালী থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়েছেন রেলওয়ে শ্রমিকলীগের নেতারা।

গতকাল মঙ্গলবার (২০ মার্চ ) সকালে সাড়ে ১০টায় ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে এ ঘটনা ঘটে।

জানা যায়, রেলওয়ের বিশেষ সেবা সপ্তাহ অনুষ্ঠানের দাওয়াত না দেওয়ার অভিযোগে পাকশী বিভাগীয় কর্মকর্তাদের সামনেই ঈশ্বরদীর স্টেশন সুপার (এসএস) আব্দুল করিমকে র‍্যালী থেকে তুলে সহকারী স্টেশন মাষ্টারের কক্ষে নিয়ে রেলওয়ে শ্রমিকলীগের নেতারা পেটায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাকশী বিভাগীয় রেলওয়ে অফিসের আয়োজনে ‘রেলওয়ের বিশেষ সেবা সপ্তাহ’ উপলক্ষে আলোচনা সভা, র‌্যালী ও লিফলেট বিতরনের আয়োজন করা হয়। র‌্যালী শুরুর সময় ঈশ্বরদী রেলওয়ে শ্রমিকলীগের নেতারা স্টেশন সুপার আব্দুল করিমকে উঠিয়ে নিয়ে গিয়ে সহকারী স্টেশন মাস্টারের কক্ষে নিয়ে কিল ঘুষি মারতে থাকে।

এসময় ভারপ্রাপ্ত ডিআরএম ও পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ আসাদুল হকসহ বিভাগীয় রেলের অন্যান্য কর্মকর্তারা তাকে উদ্ধার করেন। পরে পরিস্থিতি ঠিক হলে পূনরায় র্র‌্যালী শুরু করা হয়।

র‌্যালী শেষে স্টেশন সুপারের সঙ্গে শ্রমিকলীগ নেতাদের শালিস বৈঠকের মাধ্যমে সমঝোতা হয়েছে বলে জানা যায়।