ঈশ্বরদী প্রতিনিধিঃ
বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ঈশ্বরদী স্টেশনে ২০০ যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ৬৪ হাজার ৬৯০ টাকা ভাড়া আদায় করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার (১২ মার্চ) রাত পর্যন্ত পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন কয়েকটি রুটের ট্রেন থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ এই জরিমানা আদায় করে।
ঈশ্বরদী-রহনপুর রুটের আন্তঃনগর কমিউটার ট্রেন, রাজশাহী-চিলাহাটি রুটের তিতুমীর এক্সপ্রেস ট্রেন, দিনাজপুর-ঢাকা রুটের দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ও রাজশাহী-খুলনা রুটে চলাচলকারী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার অসীম কুমার তালুকদারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন বিভাগীয় রেলের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মজিবর রহমান, কর্মকর্তা খায়রুল ইসলাম, টিটিই আব্দুল আলীম বিশ্বাস মিঠু ও শফিকুল ইসলাম।
