চাটমোহর প্রতিনিধিঃ
পাবনার চাটমোহর রেলষ্টেশন থেকে শুক্রবার (৯মার্চ) ভোরে অচেতন অবস্থায় জাবেদ ইকবাল ডলার (৩৫) নামে এক বিকাশ প্রতিনিধিকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেস্থানীয়রা।
তিনি জেলার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর মহল্লার শাহজালাল হোসেনের ছেলে ও বিকাশের ডিএসও (এসআর) বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। পরে শুক্রবার সকালে চিকিৎসা গ্রহণ শেষে জাবেদ ইকবালকে বাড়িতে নিয়ে যান তার স্বজনরা।
ডলারের বরাত দিয়ে চাটমোহর রেলবাজার এলাকার মোবাইল ব্যবসায়ী মেহেদী হাসান সুজন জানান, গত বুধবার সকাল ১১টার দিকে পাশ্ববর্তী আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে কাজ কাজ শেষ করে সিএনজি অটোরকিশা যোগে আটঘরিয়া বাজারের উদ্দেশ্যে রওনা দেন জাবেদ ইকবাল ডলার। কিছুক্ষণ আসার পর গাড়িতে বসে থাকা একজন পুরুষ ও মহিলা ডলারের মুখে একটি রুমাল চেপে ধরলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এর একদিন পর জ্ঞান ফিরলে তিনি (ডলার) দেখেন তাকে একটি বদ্ধ কক্ষে আটকে রাখা হয়েছে। পরে রাতে জাবেদ ইকবালকে খাবার ও পানি দেয়া হয়। সেগুলো খাবার পর তিনি আবারও অজ্ঞান হয়ে পড়েন।
শুক্রবার তাকে চাটমোহর রেলষ্টেশনের ওপর থেকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ অনুভব করলে স্বজনরা দুপুরে তাকে বাড়ি নিয়ে যান।
তবে অচেতন অবস্থায় ফেলে রেখে গেলেও দুর্বৃত্তরা জাবেদ ইকবালের ব্যাগে থাকা নগদ ১ লাখ টাকা ও দুটি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে আটঘরিয়া থানায় একটি অভিযোগ দিবেন বলে ডলারের পরিবার সূত্রে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার এএসআই আবদুল আজিজ।
