পাবনার "মাঠের সাংবাদিক" খ্যাত সাংবাদিক আঃ বারেক চলে গেলেন না ফেরার দেশে


পাবনা প্রতিনিধিঃ
পাবনার "মাঠের সাংবাদিক" খ্যাত সাংবাদিক আব্দুল বারেক (৬৫) চলে গেলেন না ফেরার দেশে। (ইন্নালিল্লাহি…রাজেউন)। আজ মঙ্গলবার (২৭ মার্চ) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
গতকাল সোমবার তিনি অসুস্থ হয়ে গেলে (২৬ মার্চ) পরিবারের লোকজন প্রথমে তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মরহুমের নামাজে জানাযা আজ মঙ্গলবার বাদ আসর মরহুমের গ্রামের বাড়ি পাবনার চরতারাপুর ইউনিয়নের শুকচরে অনুষ্ঠিত হয়।
তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতায় নিয়োজিত ছিলেন। তিনি কর্মজীবনে জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহ করতেন। সহকর্মীরা তাকে "মাঠের সাংবাদিক" হিসেবেই জানতেন।
পাবনা টাইমস অনলাইন পত্রিকা পরিবারের পক্ষ থেকে সাংবাদিক আঃবারেকের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করা হয়।
এছাড়াও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক বিবৃতির সম্পাদক ইয়াসিন আলী মৃধা রতন, পাবনা টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি রাজিউর রহমান রুমি, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী বাবলা, পাবনা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, এটিএন নিউজের রইসুল রিজভী জয়,ডিবিসি নিউজের পার্থ হাসান সহ প্রমুখ।