খুব শীঘ্রই চালু হচ্ছে (পাবনা-আরিচা) ফেরি চলাচল - পাবনায় নৌমন্ত্রী


চাটমোহর প্রতিনিধিঃ
"খুব শিগগিরই আরিচা থেকে পাবনা ফেরি চলাচল শুরু হবে" মাত্র ৬ কিলোমিটার নদী পার হয়ে খুব সহজেই ঢাকায় যাতায়াত করতে পারবে পাবনাসহ উত্তর জনপদের মানুষ। ঢাকায় যেতে যমুনা সেতু দিয়ে আর যাতায়াত করতে হবে না। এতে খরচ ও সময় দুটোই বাঁচবে।

গতকাল বুধবার ১৪ই মার্চ বিকেলে পাবনার চাটমোহর উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বড়াল রক্ষা আন্দোলন কমিটির যৌথ আয়োজনে বড়াল নদ চালুর দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান একথা বলেন।

এসময় নৌমন্ত্রী শাহজাহান খান বলেন, বিএনপির সময়ে পরিবেশবাদীরা যখন আন্দোলন করতো তখন পুলিশ তাদের পেটাতো। আমরা পরিবেশবাদীদের সাথে নিয়ে কাজ করছি। যারা নদীকে হত্যা করেছে তারা এ যুগের রাজাকার। আমরা এক দিকে নদীর ক্যাপিট্যাল ড্রেজিং করছি আরেক দিকে সংস্কার করছি। নদী খননের কাজ এক দিনে শেষ হবে না। নদী খননের জন্য শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। যার নয়-এ হয়না তার নব্বইয়েও হয়না। শেখ হাসিনা প্রমাণ করেছেন এই ৯ বছরে তিনি দেশের জন্য কি উন্নয়ন করেছেন। দেশের মানুষ তা দেখেছে। বড়াল নদী মুক্ত করতে অবিলম্বে সীমানা নির্ধারণের জন্য তিনি নদী কমিশনের চেয়ারম্যান এবং সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এসময় মন্ত্রী আরোও বলেন, বেগম খালেদা জিয়ার মামলা আওয়ামী লীগ দেয়নি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছে। সেই মামলা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। খালেদা জিয়ার সাজা দিয়েছে আদালত, সরকার সাজা দেয়নি। বিএনপি ইচ্ছাকৃতভাবে ভাবে তার (খালেদা জিয়া) জামিন বিলম্বিত করছে। সূত্র ছাড়া যেমন বীজগণিতের অংক মেলানো যায় না, তেমনি রাজনীতির সূত্র না জানলেও রাজনীতির হিসাব মেলানো যায় না। খালেদা জিয়া সেই সূত্র জানেন না, তাই রাজনীতির অংকে ভুল হয়েছে। তাই আজ তিনি জেলে।

চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মজিবর রহমান হাওলাদার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা’র) সাধারণ সম্পাদক ডা. আবদুল মতিন, পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন মন্ডল এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক। সভা পরিচালনা করেন বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এসএম মিজানুর রহমান।