পাবনার বেড়ায় পাওনাদারের জিম্মায় পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু


বেড়া প্রতিনিধিঃ
পাবনার বেড়া উপজেলার নয়াবাড়িতে গ্রামে পাওনাদারদের হাতে আটকাবস্থায় আনোয়ার হোসেন (৩৮) নামের এক পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ মার্চ) বেলা ১১ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি সাঁথিয়া উপজেলার গোপীনাথপুর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। তিনি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, পুলিশ সদস্য আনোয়ার হোসেনের সাথে স্থানীয় কিছু লোকজনের দেনা পাওনা ছিল। ওই পুলিশ সদস্য পুলিশে চাকরি দেবার কথা বলে অনেকের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন। এক পর্যায়ে তিনি কর্মস্থল থেকেও পালিয়ে অসেন। সম্প্রতি তিনি স্থানীয় একটি শিল্প প্রতিষ্ঠান (বাগানবাড়ি মিষ্টান্ন) এর শাহজাদপুর শাখায় চাকরি নেন।
এদিকে বাগানবাড়ি মিষ্টান্ন এর প্রধান শাখা কাশীনাথপুরে কর্মরত ম্যানেজার ইকবাল হোসেনের এক আত্মীয় চাকরীর জন্য আনোয়ার হোসেনের মাধ্যমে প্রতারিত ছিলেন। ম্যানেজার ইকবাল বিষয়টি জানার পর আনোয়ার হোসেনকে রোববার রাতে ধরে নিয়ে আসে। রাতে তাকে রাখা হয় বেড়া উপজেলার নয়াবাড়িতে বাগানবাড়ি মিষ্টান্ন‘র একটি মেসে। পাওনা টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নেয়ার জন্য তার আত্মীয়স্বজনকে বলে দেয়া হয়।
এদিকে সোমবার সকালে ঘুম থেকে না ওঠায় তার কক্ষে আনোয়ারকে ঝুলন্ত অবস্থায় দেখে মেসের সদস্যরা। পরে আমিনপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। পুলিশ জিজ্ঞাসাবাদেন জন্য ওই মেসে থাকা বাগানবাড়ি মিষ্টান্নের ৮ কর্মচারিকে আটক করেছে। তবে ম্যানেজার ইকবাল পলাতক রয়েছেন।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার মোহন্ত জানান, আলামত দেখে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।