মেহেদী হাসান,পাবনাঃ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পাবনা জেলা বিএনপি।
আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে শহরের লাহিড়ীপাড়াস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির দফতর সম্পাদক জহুরুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে পাবনা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ খান মন্টু ও যুগ্ন-সম্পাদক নুর মোহাম্মদ মাসুম বগার নেতৃত্বে দলীয় কার্যালয়ে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন পাবনা জেলা, সদর উপজেলা ও পৌর বিএনপি, আইনজীবী ফোরাম, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মৎসজীবী দলসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতারা বলেন, এই সরকার অগণতান্ত্রিক সরকার জনবিচ্ছিন্ন হয়ে উম্মাদের মতো আচরণ করছে। তারা বিভিন্ন বাহিনীকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করে দেশের খালেদা জিয়াকে গ্রেফতার বা জেলে দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করার অপকৌশলে লিপ্ত হয়েছে।
