এস,এম জহুরুল হক নিজস্ব প্রতিবেদকঃ
পাবনায় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। রবিবার (০৪ ফেব্রুয়ারি) রাত থেকে সোমবার (০৫ ফেব্রুয়ারি) পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা বিএনপির দফতর সম্পাদক জহুরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে ফরিদপুর উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শামসুদ্দিন আহমেদ বাচ্চু, ভাঙ্গুড়া পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক বকুল, সাংগঠনিক সম্পাদক মোতালেব ও চাটমোহর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন রয়েছেন।
এছাড়াও পাবনা জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও পাবনা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল এবং ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি করেছে পুলিশ।
এদিকে এই গ্রেফতার ও তল্লাশির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর অব কেএস মাহমুদ, সাধারণ সম্পাদক ইঞ্জি: খন্দকার হাবিবুর রহমান তোতা ও বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
