নিজস্ব প্রতিনিধিঃ
আজ বুধবার ৭ই ফেব্রুয়ারি সাংগঠনিক সফরে পাবনা আসছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
মন্ত্রীর আগমনের সংবাদে পাবনায় খানাখন্দে ভরা মহাসড়কগুলো মেরামতের তৎপরতা লক্ষ করা গেছে। দীর্ঘদিন ধরে মরণ ফাঁদে পরিনত হওয়া এই সমস্ত রাস্তাগুলো মেরামতের কোন উদ্যোগ না নেওয়া হলেও মন্ত্রীর আগমন উপলক্ষে রাতারাতি বদলে গেছে রাস্তার চেহারা। কিন্তু জোড়াতালি দিয়ে আপাতত মেরামত করা হলেও তা কত দিন ঠিক থাকবে তা নিয়ে রয়েছে সংশয়।
উল্লেখ্য ২০১২ সালে ঢাকা-পাবনা মহাসড়কের দাশুড়িয়া হতে পুষ্পপাড়া পর্যন্ত রাস্তার রি-সোলিং করা হয়। একই সময় খুবই নিম্নমানের কাজের মধ্যদিয়ে পাবনা শহরের প্রধান সড়ক গুলো ফোরলেনে উন্নিত করার নির্মান কাজ সম্পন্ন করা হয়।
নির্মানের মাত্র কয়েক মাস পরেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে এই সড়কগুলো। দীর্ঘসময় পেরিয়ে গেলেও এই রাস্তাগুলোর মেরামতের কোন উদ্যোগ নেয়া হয়নি। কিন্তু হঠাৎ মন্ত্রীর আগমনে এই খানাখন্দে ভরা রাস্তাগুলো জোড়াতালি দেওয়া মেরামত রিতিমত করা হাস্যকর ব্যাপারে পরিনত হয়েছে।
ইতিমধ্যে চলাচলের অযোগ্য এই রাস্তায় সড়ক দূর্ঘটনার শিকার হয়ে ঝড়ে গেছে বেশকিছু তরতাজা প্রান। পাবনা ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া নামক স্থানে ভাঙ্গা রাস্তার ফাঁদে পড়ে দূর্ঘটনার শিকার হয়ে পাবিপ্রবির এক ছাত্রীর মৃত্যু হয় গত বছরের ১৪ ফেব্রুয়ারিতে। যা ছিলো গতবছরের সবচেয়ে আলোচিত বেদনাময় একটি ঘটনা। মাস তিনেক আগে একই সড়কের মজিদপুর ব্র্যাক ফিসারিজ এর সামনে বাস নসিমন সংঘর্ষে নিহত হয় ৩ জন। এছাড়া ঢাকা- পাবনা মহাসড়কের চব্বিশমাইল নামক স্থানে বাস দূর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়।
পাবনা অত্যন্ত গুরুত্বপূর্ন এই মহাসড়কটি দ্রুত যথাযথ মেরামত করা এখন সময়ের দাবীতে পরিনত হয়েছে।
