সাঁথিয়ায় নাশকতার সন্দেহে ১৩জন জামায়াত-শিবির কর্মি গ্রেফতার


সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় গতকাল শনিবার ৩রা ফেব্রুয়ারি বিকেলে সাঁথিয়া পৌর সদরে আবুল প্লাজায় ২য় তলায় অবস্থিত প্রিয় বাজার হলরুম হতে নাশকতার সন্দেহে ১৩জন কে গ্রেফতার করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়েছে পুলিশ। অাজ রোববার ৪ঠা ফেব্রুয়ারি তাদেরকে পাবনায় আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সুত্রে জানা যায়, শনিবার বিকেলে সাঁথিয়া পৌর সদরে আবুল প্লাজায় জামায়াত-শিবিরের নেতা কর্মিরা গোপন বৈঠক করছে, এমন একটি খবর পায় পুলিশ। এসময় এসঅাই গাফ্ফারের নেতৃত্বে সাঁথিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১৩ জনকে গ্রেফতার করে। পরে তাদের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, মুন্সিগন্জ জেলার জাহিদ হাসান (৩০) ও ফরিদপুর জেলার ইলিয়াস হোসেন (৩৩)।অনান্যরা হলো সাঁথিয়া উপজেলার বিভিন্ন এলাকার আসাদুজ্জামান(২১),মোজাম্মেল হক(৩০),মোস্তাক হেসেন(৩৮), আকমল হোসেন(৪২),রুবেল হোসেন(২৬),নিয়ামত আলী(২০),জোবয়ের হোসেন(১৮),মামুন হোসেন(২১),রাশেদুল ইসলাম(২৮),ইদ্রিস আলী(৩৩),আকরামুল হোসেন মঞ্জু(৪০)।

পুলিশের ধারণা, সাঁথিয়ায় বড় ধরণের নাশকতার চেষ্টা করছে দেশের বিভিন্ন স্থান থেকে আগত জামায়াত-শিবির নেতারা।

উল্লেখ্য গত চারদিন পূর্বে একই উপজেলার কাশিনাথপুরের একটি বাসা থেকে নাশকতার পরিকল্পনা করার সময় ৮ শিবির নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

এব্যাপারে এসঅাই গাফ্ফার জানান, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে শরিক দল জামায়াত বিশৃঙ্খলার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। তাদেরকে গোপন বৈঠকরত অবস্থায় আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

সাঁথিয়া থানার অফিসার ইনর্চাজ হাসান ইনাম জানান, সাঁথিয়া ও সাঁথিয়ার বাইরের বিভিন্ন জেলা থেকে আগত জামায়াত-শিবির কর্মিরা আবুল প্লাজার ২য় তলায় প্রিয় বাজার হল রুমে বসে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল বলে জানতে পারি। এরপর অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে পুলিশ। এদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে অাদালতে সোপর্দ করা হয়েছে।