পাবনায় যুবককে কুপিয়ে হত্যা, মরদেহ উদ্ধার




সূবর্না আক্তার নদী, পাবনাঃ

পাবনা সদর উপজেলায় আব্দুল আলিম (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামে গভীর রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলিম ওই গ্রামের আবু বক্কারের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বুধবার সকালে এলাকাবাসী পয়দা মাঠে আলিমের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের ধারণা পূর্ব বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।