ঈশ্বরদীতে আইন কলেজ স্থাপনের প্রয়োজন ও উপযোগীতা




।। আশিক মাহমুদ ।। 

প্রিয় ঈশ্বরদীবাসী, আপনারা জানেন ঈশ্বরদী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উপজেলা। ভৌগলিকভাবে ঈশ্বরদী উত্তরবঙ্গের প্রবেশদ্বার হওয়াতে এখানে গড়ে উঠেছে বাণিজ্যকেন্দ্র। বড় বড় বণিকেরা এখানে গড়ে তুলেছে শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানা। 

এখানকার অধিবাসীরা বিদেশ গিয়ে হাড়ভাঙ্গা পরিশ্রম করে উপার্জন করছে বৈদেশিক মুদ্রা। ঈশ্বরদীতে লিচু ভালো উৎপাদন হওয়ার কারণে এখানকার জমির দাম বৃদ্ধি পেয়েছে,অত্র অঞ্চলে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র হওয়ায় ও রাশিয়ানদের জন্য বহুতল ভবন বিশিষ্ট আবাসিক এলাকা হওয়ার কারণে ঈশ্বরদীর জমির দাম হয়েছে আকাশ ছোয়া। এখানকার জমি এখন বলতে গেলে প্রায় সোনার খনি।

ইতিহাস সাক্ষ্য দেয় দেশ বিদেশে অধিকাংশ যুদ্ধ ঘটেছে ভূমি দখল কে কেন্দ্র করে। ঈশ্বরদী তার ব্যাতিক্রম নয়। ঈশ্বরদীতে জমির দাম বৃদ্ধি পাওয়ায় সামান্য একফুট জমি এদিক ওদিক হওয়ার কারণে পরিবার ও গোষ্ঠির মধ্যে  দেখা দিচ্ছে ভয়াবহ সংঘর্ষ। সৃষ্টি হচ্ছে আইনগত জটিলতা। আর আইনগত জটিলতা কাটাতে বাদী আশ্রয় নিচ্ছে আদালতের। বাদী ও বিবাদী আইন সম্পর্কে অজ্ঞ হওয়ার কারণে তারা আইনজীবির আশ্রয় নিচ্ছে। প্রতি হাজিরায় আইনিজীবির পিছনে প্রচুর টাকা খরচ করে বাদী বিবাদি। ফলে যে জমির জন্য এতো জটিলতা সেই জমি বিক্রি করেই অনেক সময় উকিলের ফিস পরিশোধ করতে হয়। অত্থচ একজন স্নাতক/অনার্স পাশ ব্যাক্তি খুব সহজেই আইনজীবি হয়ে নিজের মামলা পরিচালনা করতে পারেন আবার অন্যের মামলা পরিচালনা করে অর্থ উপার্জন করতে পারেন। এজন্য প্রয়োজন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত আইন কলেজ যেখানে স্নাতক/অনার্স পাস করে ভর্তি হওয়া যায়।  

ঈশ্বরদীতে অনেক উচ্চশিক্ষিত বেকার রয়েছেন যারা জাতীয় বিশ্ববিদ্যায়ের অধীনে ২ বছর মেয়াদি এল এল বি পাস কোর্সে ভর্তি হতে পারেন। ঈশ্বরদীতে পৃথক আইন কলেজ খোলার পাশাপাশি বিভিন্ন ডিগ্রি কলেজে এল এল বি পাস কোর্স খোলা যেতে পারে। একটি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল এল বি পাস কোর্স খোলার জন্য বেশি কিছু প্রয়োজন নেই। দরকার কয়েকটি রুম,আসবাব পত্র ও আইনের কিছু বই। ঈশ্বরদীতে অনেক আইনজীবি রয়েছেন যারা একা অথবা কয়েকজন মিলে একটি আইন কলেজ প্রতিষ্ঠা করতে পারেন বাণিজ্যিক লাভজনক ভিতিতে। এতে আইনজীবিরা লভ্যাংশ ভোগকারি ও শিক্ষক ২ টি ভুমিকায় অবতীর্ণ হতে পারেন।

ঈশ্বরদীতে কল কারখানা গড়ে ওঠার কারণে ট্যাক্স সংক্রান্ত, ট্রেড লাইসেন্স, প্রতিষ্ঠানের আইনি কার্যাদি ও জমি-জমা সংক্রান্ত ব্যাপারে আইনগত জটিলতার কারণে অনেক সময় কল কারখানা গুলো নিজস্ব স্থায়ী আইন উপদেষ্টা তথা আইনজীবি রাখেন। সেদিক বিবেচনা করলে দেখা যায় ঈশ্বরদীতে আইনজীবিদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। 

সবদিক বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঈশ্বরদীতে আইন কলেজ স্থাপন করা সময়উপযোগী বলেই প্রতিয়মান হয়।