ঈশ্বরদীতে অগ্নিকান্ডে বসতবাড়িসহ পুড়ে গেছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান, ১৩ লক্ষ টাকার ক্ষতি


বার্তা সংস্থা পিপ (পাবনা)ঃ
ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামের চাঁদ আলী মোড়ে অগ্নিকান্ডে বসতবাড়ি, ওয়ার্কশপ, সারের দোকান, মুদি দোকান, চা দোকানসহ ৫ টি দোকান অগ্নিকান্ডে ভস্মিভূত হয়েছে। আজ সোমবার ২২ জানুয়ারি  সকাল ১১টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে এলাকাবাসীর ধারণা। 
এলাকাবাসী কাশেম আলী জানান, অগ্নিকান্ডে বাচ্চু আলীর বসতবাড়ির রান্না ঘর, ইউসুফ আলী প্রামানিকের ওয়ার্কসপ, জিয়াউর রহমানের সারের দোকান,  হাসান আলী প্রাং ও জাহাঙ্গীর খানের মুদি দোকান ও সিদ্দিকুর রহমানের মিল্ক ভিটার দুধের ঘর পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 
সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে এবং আনুমানিক ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।