সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের দাবিতে মানববন্ধন আগামীকাল।


ঈশ্বরদী প্রতিনিধিঃ
শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের দাবিতে সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে আগামীকাল রোববার (৭ জানুয়ারি) সকালে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি দেবেন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানের প্রাক্তন-নবীন  শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হবে। সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলের নেতা-কর্মীরা এ কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন।

কলেজটির অধ্যক্ষের উদাসীনতাকে দায়ী করে তিন-চারজন শিক্ষার্থীরা বলেন, শতবর্ষ উদযাপনের আয়োজন না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ শিক্ষাপ্রতিষ্ঠান ২০১৭ সালের জানুয়ারিতে শতবর্ষে পদার্পণ করে। প্রথম দফায় ৪ ও ৫ জানুয়ারি শতবর্ষ উদযাপনের তারিখ ঘোষণা করে কলেজের শতবর্ষ উদযাপন কমিটি। পরে কলেজের শিক্ষক পরিষদের সিদ্ধান্তে তা পরিবর্তন করা হয়।

প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী এস এম রওনক রহমান আনন্দ জানান,  ২০১৭ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শতবর্ষ পালন উপলক্ষে ব্যাপক আয়োজনের প্রস্তুতি নেওয়া হলেও অজানা কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়। এ নিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

স্কুলের প্রাক্তন শিক্ষক ও শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক আব্দুর রহিম বলেন, শতবর্ষ উদযাপনের জন্য ২ হাজার প্রাক্তন শিক্ষার্থী ও ১ হাজার বর্তমান শিক্ষার্থী নিবন্ধন করেছেন।

জানতে চাইলে কলেজের অধ্যক্ষ আয়নুল ইসলাম বলেন, শতবর্ষ উদযাপনের বিষয়টি দীর্ঘদিন ধরেই ঝুলে আছে। শিক্ষক -শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে শিগগিরই শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের তারিখ জানিয়ে দেয়া হবে।