লালপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ, অপসারন দাবীতে মানব বন্ধন।


ঈশ্বরদী প্রতিনিধিঃ
লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টুর বিরুদ্ধে গ্রাম্য শালিসে  এক গৃহবধুকে মারপিট করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতন এর শিকার মনিকা খাতুন (৩০) চকবাদকয়া গ্রামের ভাষান আলীর স্ত্রী।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নির্যাতিত মনিকা খাতুন জানান, গত ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) তার শিশু সন্তান মাহি’র সাথে প্রতিবেশী আকছেদ আলীর সন্তানের মারামারি হয়।এই মারামারি কে  কেন্দ্র করে আকছেদ আলীর স্ত্রী তানজিলার সাথে তার হাতাহাতি হয়। এ বিষয়ে গত শুক্রবার এক শালিসে বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু তাকে একতরফা দোষী সাব্যস্ত করে  লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। শুধু তাই নয়, চেয়ারম্যানের লোকজন তাকে চিকিৎসার জন্য বাসা  থেকে বের হতে দেয়নি। পরে স্থানীয়দের সহায়তায় সোমবার (০১ জানুয়ারি) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে লালপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, এটা পুলিশ সুপার মহোদয়ের অবগতিতে আছে। নিবিড় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 এ ব্যাপারে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুর রাজ্জাক জানান, গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এদিকে গৃহবধুকে মারধর ও নির্যাতন এর প্রতিবাদে চেয়ারম্যানের আপসারণের দাবিতে উপজেলা পরিষদ গেটের সামনে মঙ্গলবার বিকেলে মানববন্ধন করেছে লালপুর উপজেলা মহিলা পরিষদ।এ সময় বক্তব্য রাখেন, মহিলা পরিষদ লালপুর শাখার সভাপতি যোবেদা খাতুন জেবা, সাধারণ সম্পাদক আছিয়া জয়নুল বেনু, প্রচার সম্পাদক সায়রা খাতুন, গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কামনা রায় ।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের সাথে কথা বললে মিন্টু জানান, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, তিনি কোন মহিলাকে মারপিট করেননি।